আপডেট
জাতীয় শিল্পনীতি–২০২২ বিষয়ে নাসিব ও আইএলও’র যৌথ গোল টেবিল আলোচনা

জাতীয় শিল্পনীতি–২০২২ বিষয়ে নাসিব ও আইএলও’র যৌথ গোল টেবিল আলোচনা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৪: রাজধানীর বিজয়নগরের হোটেল ৭১-এ জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর প্রোগ্রেস প্রকল্পের যৌথ উদ্যোগে “জাতীয় শিল্পনীতি–২০২২” বিষয়ে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাবা জাকিয়া সুলতানা এবং সভাপতিত্ব করেন নাসিব-এর কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মির্জা নুরুল গণি শোভন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব কামরুন নাহার সিদ্দিকা এবং আইএলও প্রোগ্রেস প্রকল্পের সিটিএ জনাব পেড্রো জুনিয়র বেলেন।

আলোচনায় বক্তারা ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প (CMSME) খাতের জন্য নীতির সুযোগ-সুবিধা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। অংশগ্রহণকারীরা শিল্পনীতির বাস্তবায়ন অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টিতে অবদান, এবং উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মতামত প্রদান করেন। নারী, জাতিগত সংখ্যালঘু ও প্রতিবন্ধী ব্যক্তিদের (PWD) সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়; মোট অংশগ্রহণকারীদের ২০ শতাংশ ছিলেন নারী।

অনুষ্ঠানে জাতীয় শিল্পনীতির কী পয়েন্ট উপস্থাপন করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জনাব মোঃ সলিম উল্লাহ। এছাড়াও আইএলও’র এসএমই ডেভেলপমেন্ট স্পেশালিস্ট জনাব গুঞ্জন বি. ডাল্লাকোটি বৈশ্বিক ও আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে নীতি ও কর্মসংস্থান বিষয়ে উপস্থাপনা করেন।

নীতিনির্ধারণী আলোচনায় উপস্থিত ছিলেন এনপিও মহাপরিচালক জনাব মুহাম্মদ মেসবাহুল আলম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ, বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র অ্যাডভাইজার জনাব এবিএম খোরশেদ আলম, বিসিক পরিচালক জনাব কাজী মাহাবুবুর রশীদ এবং বিটাক-এর অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জিয়াউল হক।

নাসিব কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকবৃন্দ, নারী উদ্যোক্তা কাউন্সিল সদস্য, সাধারণ সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সংস্থা ও বিভিন্ন অংশীজন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন আইএলও প্রোগ্রেস প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট জনাব নাবিন কুমার কর্না।